ভারত যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা

দীর্ঘদিন পর বিপিএলের মাধ্যমে আবারও ক্রিকেটে ফেলেন মাশরাফি বিন মর্তুজা। তবে ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় তাকে। তবে আসছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাশরাফি খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে।

কিন্তু চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি, তাই ডিপিএল শুরুর আগে চিকিৎসা করাতে ভারতে যাবেন মাশরাফি। চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে মাশরাফির অস্ত্রোপচার। তবে ডিপিএল শুরু হতে খুব একটা দেরি নেই, তাই এখন অস্ত্রোপচারের সম্ভাবনা কম।

মাশরাফি বলেন, “আমার এখনো হালকা ব্যাকপেইন আছে। চিকিৎসা করাতে যাচ্ছি। ফিটনেস ধরে রাখতে যেসব কাজ করা দরকার, মাঝেখানে সেসব নিয়ে আমি ট্রেনিং করেছি। খুব বেশি টুর্নামেন্ট ছিল না, তাই খেলার সুযোগ কম ছিল। বিপিএল ছিল, ওই সময় ব্যাকপেইনটা ‍শুরু হয়। চিকিৎসা করার পর আশা করি সমস্যা হবে না।”





সবশেষ বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলেছেন মাশরাফি। কিন্তু চোটের কারণে ৪ ম্যাচের বেশি মাঠে নামা হয়নি। মূলত পিঠের চোটেই ছিটকে যান বিপিএল থেকে। তাই এবার ডিপিএলে পূর্ণ ফিট হয়েই নামতে চান ওয়ানডের এই সফল অধিনায়ক।